সোমবার, ০১ জুন ২০২৬ , ০৬:৪০ পিএম
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন মারা গেছেন।
সোমবার (১ জুন) দুপুর ১২টায় ঢাকার মিরপুরে তার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১।
তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুলাউড়া আসনের সাবেক এমপি শফিউল আলম চেীধুরী নাদেল।
প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তার মৃত্যুতে কুলাউড়ায় তার দীর্ঘদিনের সহকর্মী ও নিজ এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, মো. আব্দুল মতিন ১৯৪৫ সালের ১৭ মার্চ কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মহাজোটের প্রার্থীর সমর্থনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এছাড়া তিনি কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জয়চন্ডী ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জেলা ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে মরহুম আব্দুল মতিনের ভাতিজা প্রভাষক ফরহাদ আহমদ বলেন, দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। সোমবার দুপুরে ঢাকার বাসায় তিনি মারা গেছেন। মরহুমের লাশ নিয়ে কুলাউড়ার উদ্দেশে রওনা হয়েছে। মঙ্গলবার (২ মে) তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আরটিভি/এমএ