সোমবার, ০১ জুন ২০২৬ , ০৮:৫৯ পিএম
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় ডুবুরি দল ও পুলিশ।
নিহত ওই পর্যটক চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে ইমতিয়াজ হোসেন রাহি (১৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে রাহীসহ তারা ১২ জনের একটি দল জাফলংয়ে বেড়াতে যায়। বিকেলের দিকে রাহিসহ কয়েকজন মিলে জাফলং জিরো পয়েন্টে এলাকায় গোসলে নামে। একপর্যায়ে রাহী স্রোতের টানে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় ডুবুরিদের খবর দিলে তারা ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালিয়ে দুই ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে তাকে উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, জিরো পয়েন্ট এলাকা থেকে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরটিভি/এমএইচজে