images

দেশজুড়ে

চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন

মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ১১:০৮ এএম

চট্টগ্রামের হালিশহরের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ থেকে ১২টি বসতঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২ জুন) সকালে হালিশহরে আই ব্লক এলাকার ৪ নম্বর লেইনে এ ঘটনা ঘটে। বাসাবাড়ির লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, সকাল ১০টার দিকে আগুনের খবর আসে। এরপর ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ১০ থেকে ১২টি বসতঘর পুড়ে গেছে। বাসাগুলোর প্রায় সব মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলমগীর বলেন, আগুনে ১২ থেকে ১৩টি বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ, মালামাল উদ্ধার ও অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়ে তদন্ত সাপেক্ষে বলা যাবে।

আরটিভি/টিআর