মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ১২:৩৮ পিএম
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) সকাল ৭টার দিকে কর্ণফুলী শাহ আমানত সেতুর প্রথম সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের বাসিন্দা দুর্গাপদ মল্লিক (৭০) এবং তার ছেলে বিধান মল্লিক (৪৭)। বিধান মল্লিক কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন এবং দুর্গাপদ মল্লিক একসময় চট্টগ্রামের ফিশারি ঘাট এলাকায় ব্যবসা করতেন।
তারা সপরিবারে চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি পণ্যবাহী পিকআপ ভ্যান সেতু এলাকায় চলন্ত একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে বাবা-ছেলে দুজনেই ছিটকে পড়ে এবং ঘটনাস্থলে দুর্গাপদ মল্লিক নিহত হন। গুরুতর আহত অবস্থায় ছেলে বিধান মল্লিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত দুর্গাপদের ছেলে বাবলা মল্লিক জানান, তার বাবা ও বড় ভাই শহরের বাসা থেকে গ্রামের বাড়ি আনোয়ারায় যাচ্ছিলেন। পথে পেছন থেকে একটি পিকআপ সজোরে ধাক্কা দিলে তার বাবা ঘটনাস্থলে নিহত হন ও বড় ভাইকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহত অবস্থায় বিধান মল্লিককে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ছাড়া ঘটনাস্থলে নিহত তার বাবা দুর্গাপদ মল্লিকের মরদেহটিও উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে আনা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/আইএম