images

দেশজুড়ে

পার্কের পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার, ঘটনা কী?

বুধবার, ০৩ জুন ২০২৬ , ০২:১১ এএম

চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর সামসুল আলম (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ পার্কের পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) দুপুরে চাঁদপুর জেলা কারাগারের অদূরে ফাইভ স্টার পার্ক এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
 
নিহত সামসুল আলম কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা। তার স্ত্রী চাঁদপুর জজকোর্টে কর্মরত বলে জানা গেছে।

আরও পড়ুন
Web-Image18

বাসচাপায় হাসপাতালের দারোয়ানের মৃত্যু

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১ জুন) থেকে সামসুল আলম নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। মঙ্গলবার দুপুরের পর স্থানীয় লোকজন ফাইভ স্টার পার্ক এলাকার ওই পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং তার পরিচয় শনাক্ত করে।

এদিকে নিখোঁজের পর সামসুল আলমের এমন রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ওসি আরও জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার পর সদর মডেল থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

আরটিভি/এমএম