images

দেশজুড়ে

প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে ধর্ষণ, ২ বছর পর গ্রেপ্তার

বুধবার, ০৩ জুন ২০২৬ , ০১:১৩ পিএম

ফেসবুকে পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক তরুণীকে বিয়ের আশ্বাসে ধর্ষণ, ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং পরে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার ব্যক্তির নাম হাসিব চৌধুরী (২১)। মঙ্গলবার (২ জুন) রাতে রাজধানীর লালবাগ থানাধীন পলাশীর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‍্যাব-১০।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, গ্রেপ্তার হাসিব বরিশালের হিজলা উপজেলার মোল্লারহাট এলাকার লিটন চৌধুরীর ছেলে।

র‍্যাব জানায়, ফেসবুকে পরিচয়ের পর ভুক্তভোগীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন হাসিব। পরে ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি দুপুরে ঘুরতে যাওয়ার কথা বলে ফরিদপুরে একটি রেস্টুরেন্টে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন। এ সময় তিনি ঘটনাটি ভিডিও ও ছবি ধারণ করে নিজের মোবাইল ফোনে সংরক্ষণ করেন।

পরবর্তীতে ওই ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ধারণকৃত ভিডিও ও ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ১১ মে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়।

র‍্যাব আরও জানায়, মামলার তদন্ত কর্মকর্তা আসামি গ্রেপ্তারে র‍্যাব-১০ এর সহায়তা চাইলে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় র‍্যাব। এ সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোন, দুটি পরিচয়পত্র, চারটি ব্যাংকের এটিএম কার্ড এবং একটি ইলেকট্রিক ভেপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১০।

আরটিভি/এসকে