images

দেশজুড়ে

নওগাঁয় ‘ভিআইপি প্রতারক’ গ্রেপ্তার

বুধবার, ০৩ জুন ২০২৬ , ০৭:০৫ পিএম

পুলিশ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কখনও ডিসি (জেলা প্রশাসক) আবার কখনও এসপি (পুলিশ সুপার) পরিচয়ে সাধারণ মানুষের সর্বস্ব লুটে নেওয়া মো. নাইম হোসেন (২৮) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (২ জুন) রাতে বগুড়ার আদমদিঘী থানার সান্তাহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন এবং বিভিন্ন মোবাইল অপারেটরের মোট ৩৮টি সিম কার্ড জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার নাইম বগুড়া জেলার আদমদিঘী থানার নামা পোওতা গ্রামের বাসিন্দা।

​পুলিশ জানায়, গত ২৫ মে এক অজ্ঞাতনামা ব্যক্তি নিজেকে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে এক হোমিও ওষুধ ব্যবসায়ীকে ফোন ও হোয়াটসঅ্যাপে জানান, আপনার ওষুধ খেয়ে একটি শিশু মারা গেছে। ৫ লাখ টাকা না দিলে এখনই মামলা হবে। লোকলজ্জা ও মামলার ভয়ে ওই ব্যবসায়ী তাৎক্ষণিক ২০৩০০ টাকা একটি নগদ নাম্বারে পাঠিয়ে দেন।

​এর ঠিক পাঁচ দিন পর ৩০ মে একই প্রতারক নিজেকে সিআইডির এসপি জাহিদ পরিচয় দিয়ে এক বিকাশ ও নগদ ব্যবসায়ীকে হুমকি দেন। তিনি বলেন, আপনার দোকান থেকে অনলাইন জুয়ার লেনদেন হয়। মামলা থেকে বাঁচতে হলে ৪০০০০ টাকা দিতে হবে।

​ভুক্তভোগীদের কাছ থেকে এমন সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক নড়েচড়ে বসে নওগাঁ জেলা পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং পুলিশ সুপারের আইসিটি শাখা যৌথভাবে মাঠে নামে।

​আধুনিক তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে প্রতারকের অবস্থান শনাক্ত করা হয়। এরপর ডিবি’র একটি চৌকস দল সান্তাহারে ঝটিকা অভিযান চালিয়ে মূল হোতা নাইম হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কোপালেন ছেলে

​পুলিশ সুপারের কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইম স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কখনও ওসি, কখনো ডিসি, আবার কখনও বড় রাজনৈতিক নেতার ভুয়া পরিচয় দিয়ে আসছিলেন। তার এই প্রতারণার জালে সাধারণ মানুষ ছাড়াও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পড়েছেন।

​নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, এই চক্রটির বিষয়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছিল। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরটিভি/এমএইচজে