বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ০২:১৬ এএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে ফয়জুল মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
বুধবার (৩ জুন) রাত ১০টায় উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় এভারগ্রিন মাদক নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা হাসপাতালে লাশ ফেলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে তালা দিয়ে পালিয়ে যান।
নিহত ফয়জুল মিয়া উপজেলার কাঞ্চপুর বেহাকৈর এলাকার ফোছন আলীর ছেলে।
নিহত ফয়জুল মিয়ার স্ত্রী মাসুদা বেগম জানান, তার স্বামীকে মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এভারগ্রিন মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেন। ঈদের পরদিন তিনি ফয়জুলকে খাবার দিয়ে যান। বুধবার রাতে খবর পেয়ে হাসপাতালে যেয়ে দেখতে পান, ফয়জুল মৃত অবস্থায় পড়ে আছেন। মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের লোকজনের নির্যাতনেই তার স্বামীর মৃত্যু হয়েছে বলে তিনি অভিযোগ করেন। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, ঘটনাস্থলে অভিযান চালানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্যাতনেই মৃত্যু হয়েছে। লাশের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
আরটিভি/টিআর