images

দেশজুড়ে

ঝড়ে পড়ে যাওয়া গাছ ফের দাঁড়িয়ে গেল, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ০৮:২০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামে ঝড়ে উপড়ে পড়া একটি গাছ হঠাৎ আবার দাঁড়িয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে অনেকেই অলৌকিক বলে দাবি করছেন। প্রতিদিন শত শত মানুষ গাছটি দেখতে ভিড় করছেন। কেউ মানত করছেন, কেউ আবার গাছের শিকড় সংগ্রহ করছেন রোগ-ব্যাধি নিরাময়ের আশায়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে এক প্রচণ্ড ঝড়ে মুন্সীবাড়ির পুকুরপাড়ে থাকা বড় আকারের একটি গাছ শিকড়সহ উপড়ে মাটিতে পড়ে যায়। পরে গাছটি বিক্রি করা হলে কাঠুরিয়া গাছের ডালপালা ও বিভিন্ন অংশ কেটে ফেলেন। স্থানীয়দের দাবি, কাটার কাজ চলাকালীন সময়েই হঠাৎ গাছটির অবশিষ্ট অংশ আবার আগের স্থানে দাঁড়িয়ে যায়।

বৃহস্পতিবার(৪জুন) দুপুরে সরেজমিনে দেখা যায়, প্রায় ১৫ ফুট উচ্চতার ডালপালাবিহীন গাছের একটি অংশ কিছুটা সামনের দিকে হেলে দাঁড়িয়ে রয়েছে। গাছটির গোড়ার অংশ ও শিকড়ের অংশ এখনও দৃশ্যমান। কেটে ফেলা অংশগুলো পাশে পড়ে রয়েছে।

গাছটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে ধর্মীয় আবেগও তৈরি হয়েছে। গাছের গোড়ায় লাল কাপড় বাঁধা হয়েছে। অনেককে সেখানে আগরবাতি ও মোমবাতি জ্বালাতে দেখা গেছে। কেউ কেউ দোয়া পড়ছেন, আবার কেউ গাছের শিকড় সংগ্রহ করছেন বিভিন্ন রোগের উপশমের আশায়।

মুন্সীবাড়ির সদস্য শারমীন সুলতানা দাবি করেন, তিনি নিজ চোখে গাছটি পড়ে যেতে এবং পরে আবার দাঁড়িয়ে যেতে দেখেছেন। তার ভাষ্য, ঝড়ে গাছটি পড়ে যাওয়ার পর কেটে টুকরো টুকরো করা হচ্ছিল। হঠাৎ দেখি গাছটি আবার উঠে দাঁড়িয়েছে। বিষয়টি দেখে আমি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ঘটনাটি প্রত্যক্ষ করেন।

পরিবারের সদস্য আবুল বাশার মুন্সী বলেন, প্রচণ্ড ঝড়ে গাছটি পড়ে গিয়েছিল। পরে বিক্রি করে দেওয়া হয়। কাটার পর আবার দাঁড়িয়ে যায়। এটি আল্লাহর কুদরত ছাড়া অন্য কিছু নয়।

গাছের মালিক মাহবুব মুন্সী বলেন, কীভাবে এমন হয়েছে তা আল্লাহই ভালো জানেন। প্রতিদিন বহু মানুষ গাছটি দেখতে আসছেন। কেউ মানত করছেন, কেউ শিকড় নিয়ে যাচ্ছেন।

প্রতিবেশী আঁখি বেগম বলেন, গাছটি মাটিতে পড়ে থাকার সময় এর ওপর দিয়েও চলাচল করেছি। পরে কাটার পর আবার দাঁড়িয়ে যেতে দেখেছি। বিষয়টি আমাদের কাছে বিস্ময়কর।

আরেক প্রতিবেশী ফরিদ মুন্সী বলেন, গাছটি দাঁড়িয়ে যাওয়ার খবর শুনে দেখতে এসেছি। এখনও এটি দাঁড়িয়ে আছে। শত শত মানুষ এটি দেখতে আসছেন।

গাছটি কাটার কাজ করা কাঠুরিয়া মো. আমিন মিয়া জানান, গাছটি ঝড়ে শিকড়সহ উপড়ে পড়েছিল। আমি মাটিতে থাকা অবস্থাতেই কাটতে শুরু করি। ডালপালা কাটার পর গাছটি আবার দাঁড়িয়ে যায়। তবে গাছে জিন-ভূত আছে বলে আমি বিশ্বাস করি না।

ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে গাছটি কীভাবে পুনরায় দাঁড়িয়ে গেল, তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো সামনে আসেনি। স্থানীয়দের কাছে এটি এখন বিস্ময় ও কৌতূহলের এক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

আরটিভি/এসকে