images

দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ০৮:৩৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও এক শিশু গুরুতর অসুস্থ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কামালপুর গ্রাম ও মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এসব ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো কামালপুর গ্রামের হিমেল মিয়ার ছেলে জিসান আহমেদ (৪) এবং বাহাদুরপুর গ্রামের মানিক মিয়ার ছেলে সাফওয়ান আহমেদ (২)। গুরুতর অসুস্থ ঝুমা আক্তার (৫) জিসানের চাচাতো বোন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কামালপুর গ্রামে বাড়ির সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। এ সময় জিসান ও ঝুমা বাড়ির পাশেই খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা বাড়ি থেকে কিছু দূরে একটি ডোবার পাশে চলে যায়। পরিবারের সদস্যরা তাদের খোঁজ না পেয়ে আশপাশে অনুসন্ধান শুরু করেন।

পরে এক প্রতিবেশী জানান, কিছুক্ষণ আগে তিনি শিশু দুটিকে ডোবার পাশে খেলতে দেখেছেন। খবর পেয়ে স্বজনরা ডোবায় খোঁজাখুঁজি করে ঝুমাকে উদ্ধার করেন। পরে জিসানকেও পানির নিচ থেকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন এবং ঝুমাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

জিসানের মা জোনাকি বেগম জানান, পরিবারের অজান্তেই খেলার ছলে শিশুরা ডোবার পানিতে পড়ে যায়। পরে দীর্ঘ সময় তাদের কোনো সাড়া না পেয়ে খোঁজাখুঁজি শুরু করা হয়।

অন্যদিকে একই দিন সকালে মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে পরিবারের সদস্যদের অগোচরে সাফওয়ান আহমেদ পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাহাদুরপুর গ্রামের নিহত শিশু সাফওয়ানকে ইতোমধ্যে দাফন করা হয়েছে। কামালপুর গ্রামের ঘটনায় একজন শিশুর মৃত্যু হয়েছে এবং অপর শিশু কুমিল্লায় চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আরটিভি/টিআর