images

দেশজুড়ে

গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে গণপিটুনি, অতঃপর...

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ০৯:১০ পিএম

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর–বড়ইবাড়ি আঞ্চলিক সড়কের সিনাবহ বাজার এলাকায় গরু চোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি গরুসহ একটি ট্রাক জব্দ করে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সিনাবহ এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন তানজিরুল (২২), গোলাম মোস্তফা (৫০) ও আল আমিন (৩২)। এ সময় ট্রাকের ভেতর থেকে একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সাড়ে ৮টার দিকে তিনটি গরু নিয়ে একটি ট্রাক বেপরোয়া গতিতে সফিপুর–বড়ইবাড়ি আঞ্চলিক সড়ক দিয়ে পাইকপাড়া এলাকার দিকে যাচ্ছিল। পথে সিনাবহ বাজার এলাকায় পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হলে তারা ট্রাকটির গতিরোধ করে। এ সময় চালক ও হেলপার পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে। পরে উত্তেজিত জনতা তিনজনকে গণপিটুনি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে, তিনটি গরু ও একটি ট্রাক জব্দ করে। পরে চোরের দেওয়া তথ্যমতে বড় কাঞ্চনপুর এলাকা থেকে আরও দুটি চোরাই গরু উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম পিপিএম (বার) জানান, এ ঘটনায় আরও কেউ চোরচক্রের সঙ্গে জড়িত রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে মোস্তফার স্ত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি আরও জানান, মামলা করে তাদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হবে।

আরটিভি/এসকে/টিআর