শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ১২:৪৪ এএম
আওয়ামী লীগের আমলে নির্যাতিত হয়ে দেশের ব্যবসা ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান কুমিল্লার বরুড়া থানার সাবেক এলডিপি নেতা ইসমাইল হোসেন। তিনি ভেবেছিলেন, রাজনৈতিক পট পরিবর্তনে সেই পরিস্থিতি হয়ত পালটেছে।
তবে তার ধারণা ভুল প্রমাণিত করে আবারও তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ইসমাইলের বৃদ্ধ বাবাকেও মারধর করেন হামলাকারীরা।
গত ২৭ মে বরুড়া থানার ভাউকসার বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ইসমাইল হোসেন তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের 'সন্ত্রাসীদের' দ্বারা নির্যাতিত হয়ে ২০২১ সালে বাংলাদেশ ত্যাগ করে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। এরপর থেকে তার দোকান বন্ধ ছিল। পরে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের নভেম্বরে তার বাবা দোকানটি আবার চালু করেন।
সম্প্রতি স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতাদের সঙ্গে যোগসাজেশ করে আওয়ামী লীগের কয়েকজন নেতা ইসমাইল হোসেনের বাবার কাছে চাঁদা দাবি করেন। তবে তিনি চাঁদা দিতে না পারায় দোকানে হামলা হয়। এ সময় তাকে ব্যাপক মারধরও করা হয়।
ইসমাইল হোসেন বলেন, তারা শুধু আমার বৃদ্ধ বাবাকে মারধর করেই থামনি; আমি দেশে ফিরলে আমাকেও হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
আরটিভি/এমএইচজে