শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ০২:৫০ পিএম
চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সব স্মৃতি সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
শুক্রবার (৫ জুন) সকালে চট্টগ্রামের পুরোনো সার্কিট হাউস ও জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের রণাঙ্গন চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি রক্ষায় যা যা করা প্রয়োজন, মন্ত্রণালয় তার সবই করবে।
এ সময় চট্টগ্রামের জিয়া স্মৃতি কমপ্লেক্সের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার শহীদ জিয়ার স্মৃতি মুছে দিতে এ স্থাপনার নাম পরিবর্তন করে ‘স্বাধীনতা কমপ্লেক্স’ করেছিল। শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণ করে নতুন করে আবার এ কমপ্লেক্স চালু করা হবে।
পরিদর্শনকালে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। জাদুঘরের বর্তমান অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ভূমিকম্পে জিয়া স্মৃতি জাদুঘরের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা দ্রুততম সময়ে মেরামত করা হবে। সংস্কারকাজ শেষে পরবর্তী প্রজন্মের জন্য জাদুঘরটি উন্মুক্ত করে দেওয়া হবে।
জাদুঘর পরিদর্শন শেষে নগরের আলমাস মোড়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন ‘মুক্তি ইনডোর কমপ্লেক্স’ প্রকল্প পরিদর্শন করেন। এরপর তারা চট্টগ্রামের স্বাধীনতা কমপ্লেক্স পরিদর্শনে যান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা।
আরটিভি/টিআর