শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ০৬:২২ পিএম
কক্সবাজারের উখিয়া উপজেলায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
শুক্রবার (৫ জুন) বিকেলে তিনি উখিয়ার বালুখালী এলাকার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
দুপুরে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে বিকেল ৪টার দিকে তিনি উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে তুরস্কের সহায়তায় স্থাপিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোহিঙ্গা রোগীদের সঙ্গে কথা বলেন।
পরবর্তীতে তিনি ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন। এসব ক্যাম্পে অবস্থিত তুরস্কের নির্মিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজিবুর রহমান, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), র্যাব-১৫সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সফরকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং তার সফর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। সফরে তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
আরটিভি/এমএ