শনিবার, ০৬ জুন ২০২৬ , ১২:৩৮ পিএম
ফিফা বিশ্বকাপ ২০২৬কে সামনে রেখে ফুটবল উন্মাদনায় মেতে উঠেছেন বগুড়ার ক্রীড়াপ্রেমীরা। মাঠের চিরাচরিত প্রতিদ্বন্দ্বিতা ভুলে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকরা একসঙ্গে আনন্দ র্যালি করে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
শুক্রবার (৫ জুন) বিকেলে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে দুই দলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য এই যৌথ র্যালি বের করা হয়। এতে শত শত ফুটবলপ্রেমী অংশ নেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা নিজ নিজ দলের রঙিন জার্সি, বিশালাকার পতাকা, ঢাক-ঢোল এবং ঘোড়ার গাড়ি নিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ও সাতমাথা মোড় প্রদক্ষিণ করে। এ সময় সড়কের দু’পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও র্যালিটি উপভোগ করেন।

র্যালি শেষে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকরা একে অপরকে মিষ্টি ও কোমল পানীয় খাইয়ে ভ্রাতৃত্বের বন্ধন উদযাপন করেন। আয়োজকরা জানান, ফুটবল নিয়ে আবেগ ও উচ্ছ্বাস থাকলেও তা যেন কোনো ধরনের সহিংসতা বা বিভেদে রূপ না নেয়, সেই বার্তা দিতেই এ আয়োজন করা হয়েছে।
তারা আরও বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন গড়ে তোলে। বগুড়ার এই উদ্যোগ প্রমাণ করেছে, ফুটবল শুধু প্রতিদ্বন্দ্বিতার নয়, বরং বন্ধুত্ব ও ঐক্যেরও প্রতীক।
স্থানীয়দের মতে, বিশ্বকাপকে ঘিরে এমন ব্যতিক্রমী আয়োজন এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি করেছে এবং ক্রীড়াপ্রেমীদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।
আরটিভি/এসকে