রোববার, ০৭ জুন ২০২৬ , ০৯:৩৭ এএম
পঞ্চগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মাদরাসার সব পুড়ে ছাই হলেও পবিত্র কোরআনের পাতাগুলো অক্ষত রয়েছে। এ ঘটনায় আল্লাহ ও তার কালামের মহত্ত্ব প্রকাশ করছেন মাদরাসা শিক্ষক, শিক্ষার্থী ও মুসল্লিরা।
শনিবার (৬ জুন) বিকেলে শহরের দারুন নাজাত মদিনাতুল উলুম ক্বওমি মাদরাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, আগুনে মাদরাসাটির প্রায় ৮ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে। এর মধ্যে আসবাবপত্র, এসি, ফ্রিজ, ফ্যান, চাল, ডিম ও আলুসহ অন্যান্য খাদ্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। তবে সেলফে রাখা পবিত্র কোরআনের মোড়ক পুড়লেও ভেতরের পাতাগুলো অক্ষত রয়েছে। আর এই দৃশ্য দেখার জন্য উৎসুক মানুষরা ভিড় করছে।
স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী বলেন, আল্লাহর কি মহত্ত্ব, সব পুড়লেও তার কালাম পোড়েনি।
ওই মাদরাসার শিক্ষক রমজান আলী বলেন, আমাদের মাদরাসার সব পুড়ে গেছে। এ ক্ষতি অপূরণীয়। তবে কোরআনের কোনো আয়াত পোড়েনি। আল্লাহ মহান।
এ বিষয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তুষার কান্তি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আমাদের হিসেবে প্রাথমিকভাবে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আরটিভি/আইএম