images

দেশজুড়ে

যশোরে বজ্রপাতে কিশোরের মৃত্যু

রোববার, ০৭ জুন ২০২৬ , ১১:৫৯ এএম

যশোরে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার (৬ জুন) বিকেলে ৩টার দিকে সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন (১২) উপজেলার চান্দুটিয়া গ্রামের শিপন হোসেনের ছেলে। অপরদিকে, আহত কৃষক আব্দুর রশিদ (৪৫) একই গ্রামের আব্দুস সালামের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকাল তিনটার দিকে চান্দুটিয়া গ্রামের পশ্চিম মাঠ থেকে কিশোর রুবেল বাড়ি ফিরছিল। একই সময় নিজের গরু নিয়ে বাড়ি ফিরছিলেন কৃষক আব্দুর রশিদ। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই রুবেল হোসেন মারা যায়। আর আব্দুর রশিদ জ্ঞান হারিয়ে মাঠের মধ্যে পড়ে থাকেন। 

পরবর্তীতে মাঠ থেকে ফেরার পথে এক পাওয়ার ট্রিলার চালক তাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে রশিদের পরিবারকে খবর দেন। খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন
Web-Image5

যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান গণমাধ্যমকে বলেন, যশোর সদরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হয়েছে। 

তিনি আরও বলেন, মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরটিভি/আইএম