রোববার, ০৭ জুন ২০২৬ , ১২:২২ পিএম
সুনামগঞ্জের জগন্নাথপুরে গৃহবধূর বসতঘর থেকে স্বর্নালংকারসহ আসবাবপত্র চুরির মামলায় মিঠু মিয়া (২৪) ও ছামির মিয়া সাব্বির (১৯) নামে দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (৭ জুন) তাদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার (৬ জুন) রাতে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর নোয়াপাড়া গ্রাম থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় চুরি যাওয়া একটি স্মার্ট টিভি উদ্ধার করা হয়।
মিঠু মিয়া ও ছামির মিয়া রানীনগর নোয়াপাড়া গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ মে রানীনগর নোয়াপাড়া গ্রামের গৃহবধূ পারভিন বেগমের বসতঘরের জানালা ভেঙে ঘরে থাকা স্বর্নালংকারসহ প্রায় ২ লক্ষাধিক টাকার আসবাবপত্র চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ করলে বৃহস্পতিবার (৪ জুন) মামলাটি রুজু করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব কুমার সাহা আরটিভিকে বলেন, ঘটনার পর থেকে পুলিশ বিষয়টি তদন্ত করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক প্রমাণ পায়। ওই দুইজনের বিরুদ্ধে এলাকায় আরও চুরির অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাদের তথ্যমতে চুরি যাওয়া একটি স্মার্ট টিভি জব্দ করা হয়েছে। অন্যান্য মালামাল উদ্ধারে আমরা কাজ করছি।
আরটিভি/এমএইচজে