images

দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ার হত্যা মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার

রোববার, ০৭ জুন ২০২৬ , ০২:৩৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আনোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামি সাব্বির হোসেনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় তার বাবা আলমগীর হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরের দিকে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে, শনিবার (৬ জুন) মধ্যরাতের দিকে প্রযুক্তির সহায়তায় কসবা থানা পুলিশ সাব্বিরের অবস্থান শনাক্ত করে। পরে কক্সবাজার সদর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে কসবা থানায় আনা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাব্বির ও তার বাবা আলমগীর হোসেনকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আসামিদের গ্রেপ্তারের খবরে নিহত আনোয়ারের পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মামলা দায়েরের পর অল্প সময়ের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করায় স্থানীয়রা কসবা থানা পুলিশের প্রশংসা করছেন।

আরও পড়ুন
Web-Image18

শেষবারের মতো মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

উল্লেখ্য, গত ৫ জুন রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় পূর্বশত্রুতার জেরে রানিয়ারা বিষ্ণুপুর গ্রামের গিয়াসউদ্দিন চৌধুরীর ছেলে আনোয়ার হোসেনকে ছুরিকাঘাত করা হয়। অভিযোগ রয়েছে, তার ঘনিষ্ঠ বন্ধু সাব্বির হোসেন এ হামলা চালান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আনোয়ারকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শনিবার (৬ জুন) রাত ১০টার দিকে নিহতের বাবা গিয়াসউদ্দিন চৌধুরী বাদী হয়ে সাব্বির হোসেন ও তার বাবা আলমগীর হোসেনকে আসামি করে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা রুজুর পর প্রযুক্তির সহায়তায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই কক্সবাজার সদরে সাব্বিরের অবস্থান শনাক্ত করে কসবা থানা পুলিশ। পরে কক্সবাজার সদর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে কসবা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, আনোয়ার হোসেন হত্যা ঘটনায় তার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা দ্রুত দুজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। প্রধান আসামি সাব্বিরকে কক্সবাজার থেকে কসবা থানায় আনা হচ্ছে। তাকে থানায় আনার পর বিস্তারিত তথ্য জানানো হবে।

আরটিভি/আইএম