images

দেশজুড়ে

বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ৪

রোববার, ০৭ জুন ২০২৬ , ০৩:১৭ পিএম

নওগাঁর মান্দায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। 

রোববার (৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুল হামিদ (৬৫) ওই গ্রামের মৃত মেহের আলী শাহের ছেলে। অন্যদিকে, আটককৃতরা হলেন হায়দার আলী শাহ (৬২), আপেল মাহমুদ (২৫), আলেফা বিবি (৫০) ও আব্দুল মতিন (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হামিদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী হায়দার আলী শাহের বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে রোববার সকালে হায়দার আলী শাহ দলবল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিবাদমান ওই জমিটি জবরদখল করতে যান এবং হালচাষ শুরু করেন।

এ সময় নিজের ভোগদখলীয় জমিতে হালচাষ করতে বাধা দিতে যান আব্দুল হামিদ। এতে ক্ষিপ্ত হয়ে হায়দার আলী ও তার সঙ্গে থাকা লোকজন লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। পরে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

আরও পড়ুন
Web-Image18

শেষবারের মতো মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

স্থানীয় বাসিন্দা উজ্জ্বল হোসেন জানান, জমিটি আব্দুল হামিদের দখলেই ছিল। কিন্তু হায়দার আলী দলবল নিয়ে তা জোরপূর্বক দখল করতে যান। আব্দুল হামিদ শুধু নিজের জমি বাঁচাতে বাধা দিয়েছিলেন, আর সে কারণেই তাকে পিটিয়ে মেরে ফেলা হলো।

খবর পেয়ে মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Capture

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এই বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে আমরা চারজনকে আটক করেছি।

তিনি আরও বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এই হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরটিভি/আইএম