images

দেশজুড়ে

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়

সোমবার, ০৮ জুন ২০২৬ , ১১:৪৮ এএম

বগুড়া শহরের একটি আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্য বিপুল চন্দ্র পাল (৪৮)এর মরদেহ উদ্ধারের ঘটনায় সিসিটিভি ফুটেজে নতুন তথ্য পাওয়া গেছে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (৭ জুন) দুপুরে শহরের চারমাথা এলাকার সেঞ্চুরি হোটেলের ৬১০ নম্বর কক্ষ থেকে বিপুল চন্দ্র পালের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাত ৯টার দিকে তিনি এক নারীকে সঙ্গে নিয়ে হোটেলে ওঠেন এবং কক্ষ ভাড়া নেন। 

কক্ষ থেকে যৌন উত্তেজক ট্যাবলেট, ঘুমের ওষুধ, কোমল পানীয় ও পানির বোতল জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। চেকআউট সময় পার হলেও কক্ষ থেকে সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং হাসপাতালে নিলে মৃত ঘোষণা করা হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিপুল চন্দ্র পালের সঙ্গে থাকা নারী পরবর্তীতে হোটেল ত্যাগ করেন। এ সূত্র ধরে দিনাজপুরের পীরগঞ্জ উপজেলার এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ।

নিহতের স্ত্রী লিপি রানী পাল দাবি করেছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং সারিয়াকান্দির এক ব্যক্তির সম্পৃক্ততা থাকতে পারে। তবে নিহতের পরিবারের আরেক সদস্য হোটেল কক্ষ থেকে ওষুধ উদ্ধারের তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

বগুড়া সদর থানার ওসি জানিয়েছেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরটিভি/এসকে