সোমবার, ০৮ জুন ২০২৬ , ০১:০৭ পিএম
কক্সবাজারের মহেশখালীতে এক আশ্রয়দাতা পরিবারের চার বছরের শিশুকে অপহরণের ঘটনায় এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। অপহৃত শিশুটিকে পরে উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রংবাহার নামের ওই নারী গত ৩ জুন কক্সবাজার কারাগারে বন্দি স্বামীকে দেখতে আসেন। এ সময় মোবাইল ফোন হারিয়ে বিপাকে পড়েন তিনি। পরে অসহায়ত্বের কথা বলে তিনি কক্সবাজার সদর মডেল থানার কারাগারসংলগ্ন এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন ও তার স্ত্রী সুমি আক্তারের বাসায় আশ্রয় নেন।
পরিবারের অভিযোগ, আশ্রয়ের সময় তিনি নিজের পরিচয় গোপন করেন। সেখানে অবস্থানকালে ৫ জুন তিনি শিশুটিকে দোকান থেকে নাস্তা কিনে দেওয়ার কথা বলে বাইরে নিয়ে যান। এরপর শিশুটিকে জিম্মি করে পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একপর্যায়ে চাপের মুখে পরিবার ৫০ হাজার টাকা পরিশোধ করলেও শিশুটিকে ফেরত দেওয়া হয়নি।
ঘটনার পর পরিবারটি কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। পরবর্তীতে অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত নারীকে আটক করা হয়। শিশুটি বর্তমানে নিরাপদে রয়েছে।
জিজ্ঞাসাবাদে আটক রংবাহার নিজেকে কুতুপালং ক্যাম্পের বাসিন্দা বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তিনি দাবি করেছেন, কলাতলীর গইয়ুমতলী ভাঙারমোড় এলাকার এক ব্যক্তির পরামর্শে তিনি শিশুটিকে নিয়ে যান। তবে ওই ব্যক্তি অভিযোগ অস্বীকার করেছেন।
শিশুটির মা সুমি আক্তার বলেন, মানবিক কারণে আশ্রয় দিলেও পরে তারা বুঝতে পারেন এটি পূর্বপরিকল্পিত ঘটনা হতে পারে এবং এর পেছনে সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্ত নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরটিভি/এসকে