images

দেশজুড়ে

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

সোমবার, ০৮ জুন ২০২৬ , ০৩:১৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামের কবরস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে নুরু মিয়া (৬৫) ও মর্জু মিয়ার ছেলে সানাউল্লাহ (১৮)। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের মরহুম মতি সরকারের স্ত্রীর দাফনের জন্য কবর খোঁড়ার কাজে কয়েকজন যুবক ও স্থানীয় লোকজন অংশ নেন। একপর্যায়ে কবর ঢাকার জন্য ব্যবহৃত স্টেইনলেস স্টিলের (এসএস) একটি শিল্ড সরানোর সময় সেটি কবরস্থানের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

আরও পড়ুন
Web-Image15

ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু, রেললাইনের পাশে মিলল আরেক মরদেহ 

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আতিক আকরাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট একজন ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন বলেন, নেয়ামতপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/আইএম