সোমবার, ০৮ জুন ২০২৬ , ০৯:১১ পিএম
চাঁদপুরের কচুয়ায় আড়াই বছরের এক কন্যা শিশুকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ২ মাস ১৪ দিন পর ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরে কচুয়া পৌরসভাধীন করইশ গ্রামের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, শিশুটির বাবা আমিন হোসেন তার মেয়ের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি তার স্ত্রী শারমিন আক্তারসহ দুজনকে আসামি করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত মরদেহ উত্তোলন করে পুনরায় তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশ বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চাঁদপুর পিবিআই সদস্যরা কবর থেকে মরদেহ উত্তোলন করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
চাঁদপুর পিবিআইয়ের পরিদর্শক এমারত হোসেন জানান, আদালতের আদেশ অনুযায়ী মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানা যাবে।
কচুয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির বলেন, আদালতের নির্দেশনা অনুসারে আইনানুগ প্রক্রিয়ায় শিশুটির মরদেহ উত্তোলন করা হয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সকল কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
অন্যদিকে শিশুটির বাবা আমিন হোসেন দাবি করেন, তার মেয়ের মৃত্যু স্বাভাবিক ছিল না। ঘটনার পেছনে রহস্য রয়েছে বলে তিনি মনে করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্থানীয় বাসিন্দারাও ঘটনাটির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলনের ঘটনা অত্যন্ত বিরল এবং আলোচিত। তাই তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হলে সংশ্লিষ্ট সকলের সন্দেহ ও প্রশ্নের অবসান হবে।
আরটিভি/এমএ