images

দেশজুড়ে

রাস্তার পাশ থেকে ভেসে আসছিল কান্নার আওয়াজ, অতঃপর...

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ০১:৪৭ পিএম

সুনামগঞ্জের ছাতক উপজেলার আইন্দারগাঁও সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ জুন) সন্ধ্যার দিকে সিএনজি অটোরিকশা চালক কাওছার আহমেদ নবজাতকটিকে উদ্ধার করেন।

জানা যায়, ছাতক থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশ থেকে শিশুর কান্নার শব্দ শুনে গাড়ি থামান কাওছার আহমেদ। পরে সেখান থেকে আনুমানিক ৭ দিন বয়সী ওই নবজাতক শিশুকে তিনি উদ্ধার করেন। উদ্ধারকালে শিশুটির হাতে ক্যানোলা লাগানো ছিল।

উদ্ধারকারী কাওছার আহমেদ দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের শিবপুর (নোয়াগাঁও) গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। শিশুটিকে তিনি তাৎক্ষণিকভাবে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন বলেন, উদ্ধার হওয়া নবজাতক শিশুটি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। তার প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন
Web-Image14

রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

তিনি আরও বলেন, শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করতে তাকে আরও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। শিশুটি সুস্থ হওয়ার পর যদি কেউ তার দায়িত্ব নিতে আগ্রহী হন, তাহলে সমাজসেবা অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি বিবেচনা করা হবে।

এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নবজাতক শিশুর প্রকৃত পরিচয় শনাক্তে প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম চলছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।

আরটিভি/আইএম