images

দেশজুড়ে

‘আমি বিষপান করেছি’, বলেই মাটিতে লুটিয়ে পড়েন স্বামী

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ০৩:৫২ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে স্ত্রী অন্যত্র চলে যাওয়ায় বিষপানে মোহাম্মদ পারভেজ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

মৃত পারভেজ উপজেলার ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর আহমদ মুন্সীর বাড়ির মোহাম্মদ আলম সওদাগরের ষষ্ঠ সন্তান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার (৭ জুন) বিষপান করার পর পারভেজ তার বড় ভাই মোহাম্মদ আব্দুল হালিমের কাছে ছুটে যান। সেখানে গিয়ে আকুতি করে বলেন, আমাকে মাফ করে দেন, আমি বিষপান করেছি। এই কথা বলার পরপরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং অচেতন হয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, সম্প্রতি পারভেজের বিয়ে হয়েছিল। কিন্তু কিছুদিন আগে তার স্ত্রী অন্যত্র চলে যান। এই ঘটনার পর থেকেই পারভেজ মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েন এবং চরম হতাশায় ভুগছিলেন।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, পারভেজ মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। কীটনাশক খাওয়ার পর পরিবারের সদস্যরা তাকে চমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তার মৃত্যু হয়। লাশ বর্তমানে পাঁচলাইশ থানায় রয়েছে। পরিবার থেকে কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হলে সেই অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/টিআর