images

দেশজুড়ে

এবার ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল ভক্তের

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ০৯:২৬ পিএম

মানিকগঞ্জে আমগাছে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে ফয়সাল নামে এক পেট্রোল পাম্প কর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৬টার দিকে সদর উপজেলার ভাটবাউর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত তাসনুভা ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ফয়সাল হোসেন (১৮) ছুটি ভাটবাউর এলাকার মো. মুন্নু মিয়ার ছেলে। ফয়সাল তাসনুভা ফিলিং স্টেশনের নোজেলম্যান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সামনে ফুটবলের আন্তর্জাতিক আসর ফিফা বিশ্বকাপ উপলক্ষে নিজের সমর্থিত দল ব্রাজিলের পতাকা টাঙানোর জন্য তিনি পাম্পের পাশের একটি আমগাছে ওঠেন। গাছটির ওপর দিয়ে পল্লি বিদ্যুতের ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইন অতিক্রম করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসএস পাইপের সাহায্যে পতাকা টাঙানোর সময় ঝোড়ো বাতাসের কারণে পাইপটি ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে চলে যায়। এতে ফয়সাল তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গাছ থেকে নিচে পড়ে যান। পরে তাকে দ্রুত মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
Web-Image---Copy

ঋণের টাকায় ‘তেলেসমাতি’ আর্জেন্টিনাভক্ত ভ্যানচালকের

তাসনুভা ফিলিং স্টেশনের ম্যানেজার জনি বলেন, ব্রাজিলের পতাকা টাঙানোর জন্য মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ফয়সাল পাম্পের পাশের একটি আমগাছে ওঠেন। পতাকা টাঙানোর সময় তার হাতে একটি এসএস পাইপ ছিল। এ সময় হঠাৎ ঝোড়ো বাতাস শুরু হলে পাইপটি পাশ দিয়ে যাওয়া পল্লি বিদ্যুতের ফোর-পয়েন্ট-থ্রি (১১ হাজার ভোল্ট) লাইনের সংস্পর্শে চলে যায়। এতে ফয়সাল তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি, তবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন চলছে। অস্বাভাবিক কোনো কিছু হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে