বুধবার, ১০ জুন ২০২৬ , ০১:৪৩ পিএম
নোয়াখালীর হাতিয়ায় বর্ণিল সাজে সজ্জিত হয়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আর্জেন্টিনা সমর্থকরা। এ সময় তারা আর্জেন্টাইন পতাকা উত্তোলন, রঙিন আলোকসজ্জ্বা জ্বালিয়ে সড়কে সড়কে নিজ দলের পক্ষে স্লোগান দেন। তাদের এই শোভা যাত্রা দেখতে রাস্তার দুপাশে সাধারন মানুষ ভিড় করেন।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলা সদর ওচখালী থেকে শুরু করে এই শোভাযাত্রা ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তমরদ্দি লঞ্চঘাটে এসে শেষ হয়। এর আগে তারা উপজেলা সদরে দ্বীপ সরকারি কলেজ মাঠে কেক কেটে শোভাযাত্রার উদ্বোধন করেন।
এ সময় সবার পরনে ছিল আর্জেন্টিনা দলের জার্সি। সবার হাতে ছিল পতাকাসম্বলিত লিফলেট। পরে উপজেলা সদর ওচখালীর উত্তর পাশে হোটেল রেডসির সামনে দাঁড়িয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সবাই।
শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে সমর্থকরা অংশগ্রহণ করেন।
এদিকে এই শোভা যাত্রা দেখতে বিভিন্ন বাজারের অনেক লোকের ভিড় জমে। এদের মধ্যে অনেকে হাততালি দিয়ে নিজ দলের সমর্থকদের উৎসাহ দেন। পরে তারা তমরদ্দি লঞ্চ ঘাটে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে শোভাযাত্রা শেষ করে।
এর আগে উপজেলা সদরে অ্যাডভোকেট সাদ্দাম হোসেনের চেম্বারে শোভাযাত্রাকে নিয়ে প্রস্তুতি সভা করা হয়। তাতে শোভাযাত্রার স্থান, গন্তব্য ও শেষ করার জায়গা নির্ধারণ করা হয়। পরে সোশাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে সবাইকে নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন আর্জেন্টিনা সমর্থক আব্দুল হালিম, সালমান ফারাবী, আরিয়ান ফরিদ ও আহসান হাবিব রুবেলসহ অনেকে।
আরটিভি/এমএইচজে