বুধবার, ১০ জুন ২০২৬ , ০৭:৪৭ পিএম
বাগেরহাটের মোংলায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪টি চোরাই মোটরসাইকেল।
আটককৃতদের বিরুদ্ধে বুধবার (১০ জুন) সকালে থানায় মামলা করার পর দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটক সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা হলো- বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভার মো. রনি হাওলাদার, রনসেন এলাকার মেহেদী হাসান, মোংলা উপজেলার দিগরাজের মো. সজীব আহমেদ জয়, ব্যাংক রোডের মো. আব্দুল আলিমের ছেলে মো. সাজেদুল ইসলাম এবং বুড়িরডাঙ্গার মো. নাজমুল শেখ, ফকিরহাট উপজেলার কাঠালতলা এলাকার তানভীর হোসেন শাওন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, মোংলা বন্দরের প্রাণিসম্পদ কোয়ারান্টাইন স্টেশনের অফিস সহকারী শেখ আল-আমিন ও একই এলাকার বাসিন্দা মার্কিন জোয়াদ্দারের দুটি মোটরসাইকেল সম্প্রতি দিগরাজ বাজারের শাহিন হোটেলের সামনে থেকে চুরি হয়ে যায়। সংঘবদ্ধ চোর চক্রের সদস্য রনি এ গাড়িদুটি অন্যত্র বিক্রি করে দেয় বলে গোয়েন্দা তৎপরতায় চিহ্নিত ও নিশ্চিত করা হয়। পরে রনিকে নিয়ে মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে মোংলা ও রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই চোর চক্রের মোট ৬ সদস্যকে আটক করে পুলিশ। পরে ওই চোরদের স্বীকারোক্তিতে তাদের জিম্মায় থাকা ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আরটিভি/এমএইচজে