images

দেশজুড়ে

মাদরাসায় চাকরি দেওয়ার নামে ৩৪ লাখ টাকা নিয়োগ বাণিজ্য, সুপার গ্রেপ্তার

বুধবার, ১০ জুন ২০২৬ , ১১:০৫ পিএম

দিনাজপুরের হাকিমপুরে একটি দাখিল মাদরাসায় চাকরি দেওয়ার নামে ৩৪ লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে মাদরাসা সুপার ও সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় হাকিমপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে মাদরাসা সুপারকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোবিন্দপুর গুমড়া দ্বিমুখী দাখিল মাদরাসার সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক (২৭) এবং মাদরাসার সুপার মো. মোজাহার আলী (৪৯)-এর বিরুদ্ধে চাকরি প্রার্থীদের ভয়ভীতি দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, মো. শাকিল বাবু, মো. মিনহাজ উদ্দিন, মো. রাশেদুজ্জামান লিফাত ও মোছা. মোন্তানা আক্তার মিতু বিধি মোতাবেক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিরাপত্তাকর্মী, নৈশ্য প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নির্বাচিত হন। তবে চাকরিতে যোগদানের আগে ও পরে অভিযুক্তরা বিভিন্ন সময়ে তাদের নিকট মোটা অংকের টাকা দাবি করেন। টাকা না দিলে চাকরিতে যোগদান ও পরবর্তীতে এমপিওভুক্ত করা হবে না বলে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে বলা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, গত ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে মাদরাসা মাঠ থেকে শাকিল বাবু ও রাশেদুজ্জামান লিফাতকে একটি কক্ষে ডেকে নিয়ে লোহার রড দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং টাকা দাবি করা হয়।

আরও পড়ুন
Web-Image

হিলি সীমান্তে ভারতীয় ৫ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

পরবর্তীতে বিভিন্ন সময়ে অভিযুক্তদের কাছে নগদ অর্থ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে শাকিল বাবু ২৫ ডিসেম্বর ৮ লাখ টাকা, মিনহাজ উদ্দিন ২৬ ডিসেম্বর ’২৫ তারিখে ৬ লাখ টাকা, রাশেদুজ্জামান লিফাত ২৮ ডিসেম্বর ’২৫ তারিখে ১০ লাখ টাকা এবং মোন্তানা আক্তার মিতুর পক্ষে তার স্বামী দুই দফায় মোট ১০ লাখ টাকা দেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগীদের দাবি, টাকা দেওয়ার পরও অভিযুক্তরা আরও অর্থ দাবি করতে থাকে এবং এমপিওভুক্তি বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।

এ বিষয়ে মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মো. শাহিনুর ইসলামকে জানানো হলে তিনি আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করার পরামর্শ দেন। পরে ভুক্তভোগীরা হাকিমপুর থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, মামলায় অভিযুক্ত ২ নাম্বার আসামি মাদরাসা সুপার মোহাম্মদ মোজাহার আলীকে গ্রেপ্তারপূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

আরটিভি/এমএম