বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ১২:৪৯ এএম
চাঁদপুরে বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুরে জেলার কচুয়ার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম ইয়াসিন হোসেন তামিম। তিনি পাশের গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীমা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের বিরতির সময় চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থী নির্মাণাধীন ভবনের ভেতর খেলা করছিল। এসময় সবেমাত্র ইটের গাঁথুনি দেয়া দেয়াল শিশুটির উপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।
একই শ্রেণির মাসুম হোসেন জানায়, সে দ্বিতীয় তলার সিড়ি দিয়ে নিচের নামার সময় দেখে- দেয়াল চাপা অবস্থায় পড়ে আছে তার সহপাঠী তামিম। এসময় তার ডাকচিৎকারে অন্যরা এগিয়ে আসে। ততোক্ষণে মৃত অবস্থায় উদ্ধার করা হয় তামিমকে।
এদিকে, ঘটনার পরপরই নিহত শিশুর পরিবারের সদস্যরা বিদ্যালয়ে ছুটে যান।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম আকাশ জানান, কারো অবহেলায় এমন দুর্ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখা হবে। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরটিভি/টিআর