বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ০২:৫৪ এএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হিমেল (২১) নামের এক যুবককে আটক করতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা করা হয়েছে। এ সময় পুলিশের কাছ থেকে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তার স্বজনরা। তবে ওই যুবককে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।
বুধবার (১০ জুন) সন্ধ্যার পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
অভিযুক্ত হিমেলের বাবার নাম মো. সালাউদ্দিন।
ভুক্তভোগী শিশুটির মা ও স্বজনরা জানায়, অভিযুক্ত হিমেল ও শিশুটির পরিবার এসও রোড এলাকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিল সিরাজুল ইসলাম মণ্ডলের বাড়িতে পাশাপাশি ফ্ল্যাটে ভাড়া থাকে। হিমেল একজন মাদকাসক্ত। বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে আমার মেয়ে আতঙ্কিত অবস্থায় বাসার দিকে দৌড়ে আসে এবং হিমেলের বিরুদ্ধে অভিযোগ জানায়। পরে ৯৯৯ এ কল করে ঘটনাটি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে আসে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে গেলে তার স্বজনেরা জড়ো হয়ে আমাদের ওপর হামলা করার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু অতিরিক্ত পুলিশ সদস্য থাকার সুবাদে হামলা করতে সক্ষম হননি। আমাদের কোনো পুলিশ সদস্য আহত হননি। অভিযুক্ত হিমেলকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/টিআর