images

দেশজুড়ে

আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, অতঃপর...

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ১২:৩৭ পিএম

খুলনার কয়রায় আম খেয়ে একই পরিবারের পাঁচ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন, যাদের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে। 

বুধবার (১০ জুন) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লতিকা সানা (৫৫) উপজেলার মঠবাড়ি গ্রামের বিবেকানন্দ সানার স্ত্রী। এ ঘটনায় অসুস্থরা হলেন তুলসি সানা (৪২), ইন্দ্রজিৎ সানা (১৪), বিবেকানন্দ সানা (৬০) ও প্রকাশ সানা (৫১)। তারা বর্তমানে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) রাতে স্থানীয় বাজার থেকে কেনা আম খাওয়ার পর পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। পরে তারা পেটের সমস্যা ও শারীরিক দুর্বলতায় ভুগতে থাকেন। বুধবার (১০ জুন) বিকেলে অবস্থার অবনতি হলে তাদের হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন
Web-Image8

পিঁপড়ার ডিম সংগ্রহ করতে যাওয়ার পথে প্রাণ গেল দুজনের

ভুক্তভোগী পরিবারের সদস্য নীতিশ সানা জানান, আম খাওয়ার পর রাতেই সবাই স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়েছিলেন। তবে ভোর থেকে তাদের পেটে ব্যথা ও ডায়রিয়ার লক্ষণ দেখা দেয়। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সুজিত কুমার বৈদ্য গণমাধ্যমকে বলেন, ডায়রিয়ায় আক্রান্ত পাঁচজনকে হাসপাতালে আনা হলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি চারজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

তিনি আরও বলেন, আমে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে এ ধরনের সমস্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরটিভি/আইএম