বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ০৪:৪৬ পিএম
চট্টগ্রামের আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্ট লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হান্নান শাহ (২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার ১ নম্বর বৈয়াগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হান্নান ওই এলাকার আব্দুল গফ্ফার শাহর একমাত্র ছেলে। তিনি আনোয়ারা সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের ফুফাতো ভাই মো. ইমরান হোসাইন জানান, হান্নান তার চাচাতো ভাইয়ের দোকানে থাকতেন। পরীক্ষা উপলক্ষে তিনি ছুটিতে ছিলেন। বৃহস্পতিবার সকালে পরীক্ষা না থাকায় সুপারি গাছ কাটতে যান। এ সময় গাছটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আজ মাগরিবের নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আরটিভি/টিআর