images

দেশজুড়ে

গোপনে তিন বিষয়ের পরীক্ষা দুই ঘণ্টায় দিলেন এসএসসি পরীক্ষার্থী

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ০৬:৩৩ পিএম

পঞ্চগড়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি এক পরীক্ষার্থীকে গোপনে তিনটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা মাত্র দুই ঘণ্টায় সম্পন্ন করেন বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

ঘটনাটি রোববার (৭ জুন) পঞ্চগড় সদরের জগদল প্রাথমিক ও উচ্চবিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে ঘটে। অভিযুক্ত কেন্দ্র সচিব জগদল দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান।

কেন্দ্র সচিব দাবি করেছেন, ল্যাব সহকারীর তদারকিতে পরীক্ষা নেওয়া হয়েছে। তবে এ জন্য কোনো আর্থিক সুবিধা নেওয়া হয়নি; পরীক্ষার্থীর বাবা শুধু চা-নাশতার আপ্যায়ন করেছেন। তিনি আরও বলেন, পরীক্ষার্থীর পক্ষ থেকে এককভাবে পরীক্ষা দেওয়ার কোনো আবেদনও করা হয়নি।

এ বিষয়ে সাংবাদিকরা কেন্দ্র সচিবের সঙ্গে যোগাযোগ করলে তিনি উত্তেজিত হয়ে বলেন, পরীক্ষার্থীর বাবা এবং ওই ছাত্রীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুরোধে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তবে পরীক্ষার্থীর এককভাবে পরীক্ষা দেওয়ার কোনো লিখিত আবেদন তিনি দেখাতে পারেননি।

জগদল দ্বিমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, কেন্দ্রটির সচিব ব্যবহারিক পরীক্ষার জন্য ৮ ও ৯ জুন তারিখ নির্ধারণ করেছিলেন। অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ের এক দিন আগে, অর্থাৎ ৭ জুন পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধার বিনিময়ে কেন্দ্র সচিব আনিসুর রহমান দায়িত্বরত শিক্ষকদের অনুপস্থিতিতে শুধুমাত্র বিদ্যালয়ের ল্যাব সহকারী মিজানুর রহমানের তদারকিতে কেন্দ্রের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কক্ষে এককভাবে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের পরীক্ষণ খাতা এবং মৌখিকসহ ৭৫ নম্বরের পরীক্ষা সম্পন্ন করার সুযোগ দেন।

তবে নির্ধারিত ৯ জুন তারিখে পরীক্ষার্থী পরীক্ষায় উপস্থিতির স্বাক্ষর ল্যাব সহকারী মিজানুর রহমান করেছেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মো. কামরুল হাসান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। এককভাবে কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে পরীক্ষার্থীকে লিখিত আবেদন করতে হয়। প্রকৃত ঘটনা তদন্ত করে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/টিআর