বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ০৮:১৯ পিএম
মাদারীপুরের শিবচর উপজেলার ঐতিহ্যবাহী হাতির বাগান মাঠে বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৫টায় ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ব্রাজিল সমর্থক দলকে ২-১ গোলে পরাজিত করে জয় তুলে নেয় আর্জেন্টিনা সমর্থক দল।
ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ফুটবল উপহার দেন। প্রথমার্ধ থেকেই গোলের সুযোগ তৈরি করতে থাকে উভয় দল। আর্জেন্টিনা সমর্থক দলের হয়ে তপু ও জিতু একটি করে গোল করে দলকে জয়ের পথে এগিয়ে নেন। অন্যদিকে ব্রাজিল সমর্থক দলের পক্ষে একমাত্র গোলটি করেন নাঈম।
ম্যাচকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দুই দলের সমর্থকদের উপস্থিতিতে গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা, জার্সি এবং সমর্থকদের উচ্ছ্বাসে পুরো মাঠ পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। খেলা উপলক্ষে মাঠের আশপাশে বিভিন্ন অস্থায়ী দোকানও বসে, যেখানে দর্শকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।
খেলার আয়োজন করেন বিএনপি শিবচর উপজেলা শাখার সদস্যসচিব সোহেল রানা, পৌর বিএনপির সদস্যসচিব আজমল হুদা খান সেলিম এবং শিবচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনপ্রিয় হোসেন খান। এ সময় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে উভয় দলের খেলোয়াড়দের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
আয়োজকেরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করা এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলেন, এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং এলাকায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরটিভি/টিআর