images

দেশজুড়ে

শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ০৯:২০ পিএম

ফুটবল বিশ্বকাপ–২০২৬-কে ঘিরে সারা দেশের মতো সীমান্তবর্তী জেলা শেরপুরেও ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত সর্বত্রই দেখা যাচ্ছে প্রিয় দলের প্রতি সমর্থকদের উচ্ছ্বাস।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে শেরপুর সরকারি কলেজ মাঠে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।

ব্রাজিলের জার্সি পরে, হাতে জাতীয় পতাকা ও বাঁশি নিয়ে সমর্থকেরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে এসে শেষ হয়। শেরপুর সরকারি কলেজ ব্রাজিল ফ্যানদের আয়োজনে অনুষ্ঠিত এ শোভাযাত্রায় কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক ব্রাজিল সমর্থক অংশ নেন।

শোভাযাত্রায় ঢাক-ঢোল, স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো কলেজ ক্যাম্পাস এবং আশপাশের এলাকা। সমর্থকদের উপস্থিতি ও উৎসাহে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

শোভাযাত্রায় অংশ নিয়ে জেলা ছাত্রদলের সভাপতি ও ব্রাজিল সমর্থক নাঈম হাসান উজ্জ্বল বলেন, ব্রাজিল সবসময়ই শৈল্পিক ফুটবলের জন্য পরিচিত। আমরা আশা করছি, দলটি এবারের বিশ্বকাপেও দারুণ পারফরম্যান্স উপহার দেবে এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে।

শেরপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী দিশা বলেন, ব্রাজিল মানেই নান্দনিক ফুটবল। এবারের দলটিও অত্যন্ত শক্তিশালী। আমরা বিশ্বাস করি, ব্রাজিল ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতে ‘হেক্সা’ পূরণ করবে।

অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে মেহের জাকির হোসেন, খান অপু ও আব্দুল আলিম জানান, ব্রাজিলের সম্ভাব্য ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নকে সামনে রেখেই এই আয়োজন করা হয়েছে। তারা বলেন, এ ধরনের আয়োজন শুধু ফুটবলপ্রেমীদের মিলনমেলাই নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

বিশ্বকাপকে ঘিরে শেরপুরে ফুটবলপ্রেমীদের এমন প্রাণবন্ত অংশগ্রহণ স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/টিআর