images

দেশজুড়ে

মসজিদ থেকে বেরিয়ে নিখোঁজ শিবিরের কেন্দ্রীয় নেতা

শুক্রবার, ১২ জুন ২০২৬ , ০২:২৪ পিএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান প্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ জিসানের বড় ভাই।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঢাকা থেকে দাউদকান্দিতে যান জিসান প্রধান। রাতে উপজেলার বিরবাগগোয়ালী গ্রামে নিজ বাড়িতে যাওয়ার কথা ছিল তার। পথে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করেন। এরপর থেকেই নিখোঁজ হন তিনি। তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে সর্বশেষ গত বৃহস্পতিবার রাত ৮টা ২৯ মিনিটে সক্রিয় (অনলাইন) থাকার তথ্য দেখা গেছে। এরপর থেকে তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যরা আর কোনো যোগাযোগ করতে পারছেন না। আত্মীয়-স্বজন ও পরিচিতদের সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও জিসানের সন্ধান মেলেনি।

আরও পড়ুন
mujib-bahini

যশোরের মুজিব বাহিনীর প্রধান মারা গেছেন

এই ঘটনায় জিসানের বড় ভাই দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে নিখোঁজ নেতার মোবাইল ফোন বন্ধ এবং তার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ (নিষ্ক্রিয়) পাওয়া যাচ্ছে।

জিসান প্রধানের বড় ভাই অ্যাডভোকেট রাসেল আহাম্মেদ বলেন, গতকাল রাতে বাড়িতে আসার কথা ছিলো আমার ভাইয়ের। কিন্তু, এশার নামাজের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাই। তার ফেসবুক ডিঅ্যাক্টিভ করা হয়েছে। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। প্রশাসন এখন পর্যন্ত তার কোনো খোঁজ দিতে পারিনি।

দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর যুববিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ বলেন, জিসান গতকাল ঢাকা থেকে দাউদকান্দি এসে মডেল মসজিদে এশার নামাজ পড়ে। তার গ্রামের বাড়ি উপজেলার বিরবাগগোয়ালী গ্রামে যাওয়ার কথা ছিলো। কিন্তু সে বাড়ি ফিরেনি। আমরা প্রশাসনের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা করছি।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. সামছুল আলম প্রধান বলেন, অভিযোগ পেয়েছি। সে অনুযায়ী তদন্ত চলছে।

আরটিভি/এসএইচএম