শনিবার, ১৩ জুন ২০২৬ , ০৯:২০ এএম
সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদ এবং তাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গাজীপুরের শ্রীপুর উপজেলা ও পৌর শ্রমিক দল।
শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৪টায় শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় তারা এসব কর্মসূচি পালন করেন।
শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি বাচ্চু মিয়ার সভাপতিত্বে এবং গাজীপুর জেলা শ্রমিকদলের সদস্য স্বপন আহমেদের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহ-দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম সরকার।
তিনি তার বক্তব্যে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। শেখ হাসিনা ভারতে বসে দেশের অস্থিতিশীলতা সৃষ্টির এই ষড়যন্ত্র করছেন।
হুঁশিয়ারি উচ্চারণ করে শরীফুল ইসলাম সরকার বলেন, শ্রীপুরের মাটিতে কোনো ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হলে শ্রমিকদলের নেতাকর্মীরা প্রতিহত করবে।
দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের গণতন্ত্র ও শান্তি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় এ শ্রমিক নেতা আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও উসকানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান।
বিক্ষোভ-সমাবেশে শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি বাচ্চু মিয়া, গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য সাঈদ খোকা, এস এম সুজন, কাজল ব্যাপারী, তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সুজন আহমেদ, মাওনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, গোসিংগা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জালাল আহমেদ, শ্রীপুর পৌর শ্রমিক দলের কামাল ফকিরসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/আইএম