images

দেশজুড়ে

কালু বাহিনীর প্রধান গণপিটুনিতে নিহত

শনিবার, ১৩ জুন ২০২৬ , ০৯:৪১ এএম

বরগুনার সদর উপজেলার বদরখালী ইউনিয়নে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে আহত করার ঘটনায় গণপিটুনিতে কালু বাহিনীর প্রধান ইব্রাহিম হোসেন কালু (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহযোগী তৌহিদ ইসলাম শুভ (২২) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১২ জুন) বিকেল ৪টার দিকে বদরখালী ইউনিয়নের ডেমা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম হোসেন কালু ডেমা গ্রামের সোনা গাজীর ছেলে। আহত তৌহিদ ইসলাম শুভ একই গ্রামের রহিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে কালু বাহিনীর বিরুদ্ধে। শুক্রবার বিকেলে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফার ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে কালু ও তার সহযোগীরা। পরে ক্ষুব্ধ এলাকাবাসী কালু ও তার সহযোগীদের গণপিটুনি দেয়।

পরে গুরুতর আহত অবস্থায় কালু ও শুভকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নেওয়া হলে কালুকে কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল ইসরাত জনি মৃত ঘোষণা করেন। আহত শুভকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
Web-Image4

বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষকের মৃত্যু

আহত ইউপি সদস্য গোলাম মোস্তফাকেও উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, ইব্রাহিম হোসেন কালুর বিরুদ্ধে মাদক, ডাকাতি ও চাঁদাবাজিসহ অন্তত ১৩টি মামলা বিচারাধীন রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাকে অস্ত্র মামলায় গ্রেপ্তার করা হয়েছিল এবং তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে প্রায় চার মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।

তিনি আরও জানান, জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে পুনরায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন কালু। এসব কর্মকাণ্ডে বাধা দেওয়াকে কেন্দ্র করে ইউপি সদস্য গোলাম মোস্তফার ওপর হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি জানান, গণপিটুনির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক কালুকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং থানায় কোনো মামলা দায়ের হয়নি।

আরটিভি/আইএম