images

দেশজুড়ে

কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূইয়ার

শনিবার, ১৩ জুন ২০২৬ , ১০:৪৩ এএম

কসবা ও আখাউড়া উপজেলাকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া। 

শুক্রবার (১২ জুন) বিকেলে কসবা উপজেলার তিনলাখপীর এলাকায় আয়োজিত আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন সরকার তুহিন ও নূর আলম ছিদ্দিকী, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট ইসমত আরা সুলতানা, কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুম খান, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন, জেলা কৃষক দলের সদস্যসচিব জিল্লুর রহমান এবং জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সজিবুর রহমান সজিব ও রুমেল আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Capture

প্রধান অতিথির বক্তব্যে কবীর আহমেদ ভূইয়া বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। কসবা ও আখাউড়ার প্রতিটি এলাকায় ক্রীড়া চর্চার পরিবেশ সৃষ্টি করা হবে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।

আরও পড়ুন
Web-Image6

কালু বাহিনীর প্রধান গণপিটুনিতে নিহত

তিনি আরও বলেন, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ টুর্নামেন্টের মাঠ সংস্কারের জন্য ১০ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন। এ ছাড়া কসবা ও আখাউড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

Capture3

উন্নয়ন পরিকল্পনার বিষয়ে এই বিএনপি নেতা বলেন, কসবা উপজেলার তিনলাখপীর বিশ্বরোড এলাকায় একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি এলাকার গুরুত্বপূর্ণ ও জরাজীর্ণ সড়ক পুনর্নির্মাণের জন্য নতুন প্রকল্প অনুমোদনের উদ্যোগও চলছে।

কবীর আহমেদ ভূইয়া বলেন, প্রস্তাবিত সড়ক উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে জেলার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

Capture2

তিনি আরও বলেন, শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়া উন্নয়নের মাধ্যমে যুবসমাজকে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যকে সামনে রেখে কসবায় একটি আধুনিক স্পোর্টস ভিলেজ নির্মাণের বিষয়েও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পাশাপাশি কসবাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠান শেষে বক্তারা স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন, যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং খেলাধুলার প্রসারে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আরটিভি/আইএম