শনিবার, ১৩ জুন ২০২৬ , ১১:৪৪ এএম
ফুটবল বিশ্বকাপকে ঘিরে টাঙ্গাইলের ভূঞাপুরে উৎসবের আমেজ বিরাজ করছে। এ উপলক্ষে সব দেশের ফুটবল দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করে রোড শো অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার গোবিন্দাসী ফুটবল ফ্যানস ক্লাবের উদ্যোগে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়।
সমর্থক ফুয়াদ হাসান রঞ্জু বলেন, বিশ্বকাপ উপলক্ষে এ ধরনের আয়োজন শুধু প্রিয় দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশই নয়, বরং ক্রীড়া প্রেমীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। বিশ্বকাপ শুরু হয়েছে তাই ফুটবলপ্রেমীদের উন্মাদনা বাড়ছে।
আয়োজক আব্দুর রহমান মিন্টু, আব্দুল লতিফ তালুকদার ও খায়রুল খন্দকার বলেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সব দলের সমর্থকদের একত্রিত করে এমন আয়োজন দেশে এই প্রথম।
তাদের মতে, খেলাধুলা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও ইতিবাচক সামাজিক বন্ধন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা আরও বলেন, বিশ্বকাপ ফুটবল শুধু একটি খেলা নয়, এটি বিশ্বের কোটি মানুষের আবেগ, ভালোবাসা ও ঐক্যের প্রতীক। খেলাধুলার চর্চা যুবসমাজকে মাদক, সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও ইতিবাচক জীবন ধারায় উদ্বুদ্ধ করতে পারে।
গোবিন্দাসী ফুটবল ফ্যানস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় ক্রীড়াপ্রেমী, শিক্ষার্থী, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
আরটিভি/আইএম