images

দেশজুড়ে

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

শনিবার, ১৩ জুন ২০২৬ , ০১:০২ পিএম

মাদারীপুরে দুই যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বাসের চালকসহ অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। 

শুক্রবার (১২ জুন) কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস সকালে কালকিনির গোপালপুর এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী আই ট্রাভেল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লোকাল বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি বাসেরই সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ অন্তত ২০ জন যাত্রী কম-বেশি আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। 

আরও পড়ুন
6

প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু

কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, গুরুতর আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। 

এদিকে মহাসড়কের ওপর এই দুর্ঘটনার কারণে রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। খবর পেয়ে মস্তফাপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

মস্তফাপুর হাইওয়ে থানার সার্জেন্ট বায়েজিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটিকে রেকার দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম