images

দেশজুড়ে

হজযাত্রীর লাগেজ নিয়ে তুমুল মারামারি

শনিবার, ১৩ জুন ২০২৬ , ০২:০২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল পৌনে ১০টা থেকে উপজেলা সদরের কদমতলী এলাকায় স্থানীয় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।

এর আগে, বৃহস্পতিবার (১১ জুন) বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নিতে দেখা যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যা এলাকায় উত্তেজনার সৃষ্টি করে। একই দিন সন্ধ্যায় কসবা নতুন বাজার এলাকায় ওই গ্রামের লোকজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে রাতেই পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

খবর পেয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে এবং এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হজযাত্রীর লাগেজ সংক্রান্ত একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই গ্রামের কয়েকজনের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।

আরও পড়ুন
gnn

ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

কসবা থানার ওসি নাজনীন সুলতানা জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং পরবর্তী অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরটিভি/এসএস