শনিবার, ১৩ জুন ২০২৬ , ০৪:২৩ পিএম
ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতেই সেই উন্মাদনার ছোঁয়া লেগেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা আর সমর্থন জানাতে শত শত ভক্ত নেমে আসেন রাজপথে। হলুদ জার্সি, সবুজ-হলুদ পতাকা, মোটরসাইকেলের বহর আর উচ্ছ্বাসে মুখর স্লোগানে পুরো শহর যেন পরিণত হয় এক টুকরো ব্রাজিলে।
শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ব্রাজিল সমর্থকরা শহরের শান্তিবাগ এলাকায় সমবেত হন। কারও হাতে ব্রাজিলের পতাকা, কারও হাতে ব্যানার-ফেস্টুন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে যোগ দেন এই উৎসবে। প্রিয় দলের জার্সিতে সজ্জিত সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
পরে শান্তিবাগ থেকে মোটরসাইকেল, জিপগাড়ি ও ঘোড়ার গাড়িসহ একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে শাপলাবাগ, সিন্দুরখান সড়ক, কালিঘাট সড়ক ও জালালিয়া সড়ক প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে পৌঁছায়। পথে পথে স্থানীয় মানুষ করতালি ও শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রাকে স্বাগত জানান। অনেকেই মোবাইল ফোনে স্মরণীয় মুহূর্তগুলো ধারণ করেন।
শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিল সমর্থক জুনেদ খান বলেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আমাদের আবেগের নাম। প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই এই আয়োজন। আমরা বিশ্বাস করি, এবারের বিশ্বকাপে ব্রাজিল দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে।
আয়োজকদের ভাষ্য, ফুটবল শুধু খেলা নয়; এটি মানুষের মধ্যে সম্প্রীতি, বন্ধুত্ব ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। বিশ্বকাপকে ঘিরে সেই আনন্দ ভাগাভাগি করতেই এই আয়োজন।
বর্ণাঢ্য এই শোভাযাত্রাকে কেন্দ্র করে শ্রীমঙ্গলের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, বিশ্বকাপের প্রতিটি ম্যাচ ঘিরে এমন উৎসবমুখর পরিবেশ আরও ছড়িয়ে পড়বে এবং ফুটবলকে কেন্দ্র করে মানুষের বন্ধন আরও দৃঢ় হবে।
আরটিভি/এমএইচজে