images

দেশজুড়ে

রাঙ্গামাটিতে লংগদু জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শনিবার, ১৩ জুন ২০২৬ , ০৫:৫৬ পিএম

রাঙ্গামাটির লংগদুতে লংগদু জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এবং বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৩ জুন) বিকেলে লংগদু উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন লংগদু জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। পাশাপাশি এটি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহাবস্থান সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আশা প্রকাশ করেন, এ প্রতিযোগিতা স্থানীয় তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি এলাকার শান্তি ও সম্প্রীতির পরিবেশকে আরও সুসংহত করবে।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন জনমুখী উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।

উদ্বোধনী ম্যাচে লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়ন ফুটবল দল ও বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়ন ফুটবল দল মুখোমুখি হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রায় মুখর শ্রীমঙ্গল

এর আগে ফিতা কাটা, বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। একইসঙ্গে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ৩২ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোছা. সারোয়ার জাহান চৌধুরী, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর মো. শাহিনুর মাহমুদ খান, মেজর মো. শাহিনুর আল সাকিব, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেনসহ সেনাবাহিনী, প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

টুর্নামেন্টে লংগদু জোনের আওতাধীন লংগদু উপজেলার সাতটি ইউনিয়ন এবং বাঘাইছড়ি উপজেলার আমতলী ও খেদারমারা ইউনিয়নসহ মোট ৯টি ফুটবল দল অংশগ্রহণ করছে। এ প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আরটিভি/এমএইচজে