শনিবার, ১৩ জুন ২০২৬ , ০৭:১৭ পিএম
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কার্যালয়ে ককটেল ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১২ জুন) রাত ১০টার পর এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল খা জানান, রাতে তিনি কয়েকজন নেতাকর্মীকে নিয়ে কার্যালয়ের অদূরে অবস্থান করছিলেন। এ সময় কার্যালয়ের ভেতরে আলো দেখতে পান। কিছুক্ষণ পর বিস্ফোরণের শব্দ শুনে তারা দ্রুত কার্যালয়ের দিকে এগিয়ে গেলে বারান্দায় আরও একটি বিস্ফোরণ ঘটে। পরে কার্যালয়ের ভেতরে ঢুকলে সে সময় সেখানে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে তারা দ্রুত সরে গিয়ে প্রথমে থানায় এবং পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
এদিকে কৃষ্ণনগর বাজার এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী দাবি করেন, ঘটনার কিছুক্ষণ পর উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন ঘটনাস্থলে আসেন। এ সময় কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইদ্রিস কাগুজির সঙ্গে তার কথোপকথন হয়।
ব্যবসায়ীর দাবি, কথোপকথনের একপর্যায়ে রোকনুজ্জামান রোকন বলেন, যে কাজ ভালোভাবে করতে পারেন না, সে কাজ করেন কেন? কয়েকটি চেয়ারও ভাঙতে পারেননি।
তবে এ অভিযোগের বিষয়ে রোকনুজ্জামান রোকনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার পরে আমার দলীয় নেতাকর্মীদের ফোন পেয়ে আমি ঘটনাস্থলে যাই, তখন পুলিশ প্রশাসনও ঘটনাস্থলে ছিল। ইদ্রিস কাগুজির সাথে আমার কথা হয়নি। মূলত আমার জনপ্রিয়তায় ঈশান্বিত হয়ে আমাকে হয়রানি করা এবং ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে প্রতিপক্ষ এসব কথা বলতে পারে। আমার বিরুদ্ধে যা বলা হয়েছে তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণদিত এবং মিথ্যা।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।
আরটিভি/এমএইচজে