images

দেশজুড়ে

চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা, অস্ত্রধারীর ছবি ভাইরাল 

শনিবার, ১৩ জুন ২০২৬ , ০৭:৩৩ পিএম

চট্টগ্রামের রাউজানে মাসুদ চৌধুরী নামে এক বিএনপি নেতাকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্রধারী এক যুবকের ছবি ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দিনদুপুরে প্রকাশ্যে মাসুদকে গুলি করাদেরই একজন এই যুবক।

শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ চৌধুরী উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা। তিনি রাঙ্গুনিয়া যুবদলের সহসভাপতি এবং বিএনপির সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে চুয়েট সংলগ্ন পাহাড়তলী বাজারে অবস্থান করছিলেন মাসুদ চৌধুরী। এ সময় একদল সন্ত্রাসী প্রকাশ্যেই তাকে লক্ষ্য করে হামলা চালায় এবং খুব কাছ থেকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
15

চট্টগ্রামে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, এক যুবক প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। স্থানীয়দের দাবি, নিহত মাকসুদুল হক চৌধুরী মাসুদ এলাকায় বালুর ব্যবসাসহ বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। আজ দুপুরে যখন তাকে পাহাড়তলী চৌমুহনীতে টার্গেট করে গুলি করা হয়, তখন এই অস্ত্রধারীকে ঘটনাস্থলে দেখা গেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, আমরা ইতোমধ্যেই ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। কারা, কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তার তদন্ত শুরু হয়েছে। আশা করছি, খুব স্বল্প সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

এদিকে জানা গেছে, ফেসবুকে ছড়িয়ে পড়া অস্ত্রধারী যুবকের ছবিটিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে। ছবির সত্যতা যাচাইসহ ওই যুবকের পরিচয় শনাক্ত করতে একাধিক টিম মাঠে নেমেছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাউজান ও রাঙ্গুনিয়ার সীমান্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরটিভি/এমএইচজে