শনিবার, ১৩ জুন ২০২৬ , ০৮:৪৯ পিএম
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিগত সরকার শিক্ষকদের উৎসব ভাতা ও কল্যাণ ভাতা থেকে সাত হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে।
শনিবার (১৩ জুন) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী আগামীর ভাবনায় বাংলাদেশকে শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে হবে। এই ভাবনার সাথে আপনারাও তাল মিলিয়ে চলবেন।
এসএসসি পরীক্ষার বিষয়ে তিনি বলেন, পরীক্ষার কিছুটা এগিয়ে আনা হয়েছে, এর কারণ হলো- সিলেবাস শেষ হওয়ার সাথে সাথে যেন পরীক্ষা শুরু হয়। যেন কোনো সেশনজট না থাকে। বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে সেখানে তাদের দাঁড় করানো হবে। ২০২৭ সালে বইগুলো আমরা পরিমার্জন করে দিচ্ছি। ২০২৮ সালে আমরা কারিকুলামে অনেক পরিবর্তন আনব। এই পরিবর্তনগুলো হবে বিশ্বায়নের যুগে যে শিক্ষা ব্যবস্থা হচ্ছে, আমরা সেই শিক্ষাব্যবস্থা প্রবর্তন করব। আমরা শত বছরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারীকরণের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করব।
তিনি আরও বলেন, জুলাইয়ের পর থেকে সমগ্র বাংলাদেশে মিড ডে মিল চালু করা হবে। আমরা আনন্দময় শিক্ষা ব্যবস্থা চালু করতে চাচ্ছি। শিক্ষা মানে জিপিএ-৫ আর সারাদিন বই পড়া নয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, তোমাদের শিক্ষা ব্যবস্থা হতে হবে আনন্দময়। আমরা তোমাদের জন্য খেলাধুলাও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। সোনারগাঁয় একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের কাজ চলছে। আগামীতে শিক্ষার বাজেট জিডিপিতে ৫ শতাংশতে উন্নীত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান, স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আরটিভি/এমএইচজে