images

দেশজুড়ে

ছোট ভাইয়ের সঙ্গে বিরোধে বড়ভাইকে ছুরিকাঘাতে হত্যা

রোববার, ১৪ জুন ২০২৬ , ১১:৩৫ এএম

মুন্সীগঞ্জে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে আরিফ ব্যাপারী (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

রোববার (১৪ জুন) সকাল ৯টার দিকে সদর উপজেলার পূর্ব শিলমন্দি জসিমনগর এলাকায় বাড়ির পাশের একটি পরিত্যক্ত জমিতে আরিফের রক্তাক্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত আরিফ ব্যাপারী স্থানীয় হাট-বাজারে কসাইয়ের কাজ করতেন বলে জানা গেছে।

আরও পড়ুন
Web-Image7

ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২

নিহতের স্বজনদের অভিযোগ, স্থানীয় কসাই নুর হোসেনের সঙ্গে আরিফের ছোট ভাই আকাশের দীর্ঘদিন ধরে টাকা লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে সম্প্রতি থানায় অভিযোগও করা হয়। সর্বশেষ শনিবার (১৩ জুন) সকালে মুন্সিরহাট বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিবারের দাবি, সংঘর্ষের জেরে রোববার ভোরে আকাশকে না পেয়ে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তার ভাই আরিফকে ধরে নিয়ে গিয়ে উপুর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে।

পুলিশ জানিয়েছে, নিহতের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে কোমর ও নিচের অংশে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, আরিফকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও ক্রাইম) কামরান হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম